Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে আগুনে পুড়ল ৫ দোকান ও বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬

রাজবাড়ীর পাংশা বাজারে আগুনে পুড়ল ৫ দোকান

রাজবাড়ী: জেলার পাংশায় বোলতার চাক নষ্ট করতে আগুন দেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালার ওপর আগুন দিয়ে বোলতার চাক পোড়ানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং বাজারের পাঁচটি দোকানে আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, ‘বাজারের পাশের একটি বসতবাড়ির আগুন থেকেই তার দুটি দোকানসহ আরও তিনটি দোকানে আগুন লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ এ ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিয়ে বসতবাড়ি ও আশপাশে আগুন ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, ‘শুক্রবার দোকান বন্ধ ছিল এবং জন্মাষ্টমী উপলক্ষ্যে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল।’ আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, ‘রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। তবে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা অপ্রতুল হতে পারে।’ তারপরও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার চেষ্টা করবে বলে জানান ইউএনও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর