Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৪:১৩

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের কালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত সজিব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে।

আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের সামনের দিকে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। ওই খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন খোলা অবস্থায় ঝুলছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় পাশে থাকা শ্রমিক রুবেল শেখও আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর