নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার একটি মাদরাসা থেকে বন্দুকসহ (এলজি) দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)।
শনিবার বিকেলে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই মাদরাসা ভবনের নিচতলায় সিঁড়ির পশ্চিমপাশের কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে।