কক্সবাজার: কক্সবাজারের নাইক্ষ্যংছড়িতে পাঁচ বস্তা বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার পরিমাণ ২ লাখ ১০০ পিস বলে বিজিবি সূত্রে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘১১ বিজিবি’ এসব ইয়াবা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১৫ আগস্ট গভীর রাতে ১১ বিজিবির অধিনায়ক গোপন খবর পেয়ে একটি দলকে ঘটনাস্থলে পাঠান। ১১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৮/৪ এস ও শূন্যলাইন থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ির তন্দুলের মুখ এলাকায় অভিযান চালানো হয়। এলাকাটি কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত।
বিজিবির দলটি চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে ইয়াবা বহনকারী ব্যক্তিদের ধাওয়া করলে তারা কাছে থাকা বস্তাগুলো ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল বস্তাগুলো থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কাট বা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পাঁচ বস্তা ইয়াবা ছিল। পাঁচ বস্তায় ২০ কাট ইয়াবা নেওয়া হয়। প্রতি বস্তায় ৪ কাট করে ইয়াবা ছিল।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, ইয়াবাগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।’
বিজিবি সূত্রে আরও জানা যায়, বর্তমান অধিনায়ক যোগদানের পর নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে রেকর্ড পরিমাণ ইয়াবার চালান জব্দ করা হয়েছে।