Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৮:৪৩

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়ায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, শনিবার (১৫ আগস্ট) বিকেলে গণসংযোগ শেষে ফেরার পথে শহরের ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এসময় লাঠি ও হকিস্টিক দিয়ে গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হামলায় তিনি নিজে এবং তার সঙ্গে থাকা কয়েকজন আহত হন বলেও দাবি করেন।

বিজ্ঞাপন

আমির হামজা বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করাই আমার দায়িত্ব। কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিতভাবে আঘাত হানার দুঃসাহস দেখায়, তারা সমাজের শত্রু, কুষ্টিয়াবাসীর শত্রু।

সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা?

আমির হামজা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পূর্বপরিকল্পিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, আমি কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে মনে রাখতে হবে আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। যদি প্রশাসন অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সাথে নিয়ে রাজপথের কড়া জবাব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, এই হামলার ঘটনায় শনিবার রাতেই কুষ্টিয়া মডেল থানায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একটি এজাহার দায়ের করেছেন মুফতি আমির হামজা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এই ঘটনায় শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় এমপি আমির হামজার সমর্থকেরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর