Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:২১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১২:৫৪

জব্দ হওয়া কাপড়।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজন সীমান্ত চোরাকারবারির বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুলসংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা প্রতি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সেই হিসাবে ২৬৮ পিস কাপড়ের মোট দৈর্ঘ্য ৩ হাজার ২১৬ মিটার। এসব কাপড়ের আনুমানিক জব্দমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

পুলিশের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এসব ভারতীয় কাপড় দেশে আনা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় দু’টি পৃথক মামলা করা হয়েছে।

ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর