নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সম্রাট ওই এলাকার মঈনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছি। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’