গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ব্লগ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন শিবগঞ্জ (মোকামতলা) উপজেলার দাড়িদার সরদার পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় ভিডিও ব্লগ করার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাওন। এতে মোটরসাইকেলটি সরাসরি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, ‘রাস্তায় আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকা যুবককে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’