ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি মধুবাজার নজরুল ইসলামের বাসার নিচতলায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে পুলিশ সদস্য ও স্বজনরা তাকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক খান বলেন, সন্ধ্যার দিকে মধুবাজার এলাকার নজরুল ইসলামের বাড়ির নিচ তলায় বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ঘটনার আরও বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে হাসপাতালে মৃত রাসেলের বাবা মো. আকতার হোসেন বলেন, তাদের বাড়ি নরসিংদী জেলার মাধবদি উপজেলার ঝিলকুটিয়া গ্রামে। বর্তমানে রাসেল মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকতো। সে ধানমন্ডি এলাকায় ফেরি করে ফুল বিক্রি করতো। সন্ধ্যার দিকে জানতে পারি মধুবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। কিন্তু কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা বলেতে পারব না।