ফরিদপুর: জেলার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন মোটরসাইকেলচালক ও অপরজন পথচারী।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক সাকিব শেখ (২২) জেলার নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে। নিহত পথচারী হৃদয় শেখ (২০) ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্ৰামের ইলিয়াস শেখের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দ্রুত গতিতে নিজের মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সাকিব। এ সময় হৃদয় নামের ওই পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সাকিবের মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন সাকিবও। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।