গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে এ অভিযান চালানো হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অভিযানে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। তিনি জানান, বর্তমানে দেশীয় মাছের প্রজনন মৌসুমে অসাধু ব্যক্তিরা বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পেতে নির্বিচারে মাছ শিকার করছে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।’
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, ‘দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।