বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামের এক শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টি-সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানের পেছনে খালের পানিতে নামেন আউয়াল মাঝি। মূলত কামারের দোকানের কয়লা ধোয়ার কাজের জন্যই তিনি সেখানে নেমেছিলেন। কিন্তু এর পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে খালের পাড়ে কেবল তার ব্যবহৃত পোশাক পাওয়া যায়।
খবর পেয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল বুধবার সকালে খাল থেকে তার মরদেহ তুলতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের টিম লিডার মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, খবর পাওয়ার পর থেকেই ডুবুরিদল অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে স্বজনদের দাবি, আউয়াল মাঝির এই মৃত্যু রহস্যজনক। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে থানা পুলিশ সকাল ১০টার দিকে মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সরকার বলেন, ‘নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’