Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারের কোনো অভাব নেই, অপকৌশলে সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১৭:৩৫

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ফাইল ছবি

ফরিদপুর: দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও দুষ্ট লোকের কূটকৌশলের কারণে সারের সংকট দেখানো হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ১৬ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে সরকারের হাতে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে পেঁয়াজচাষিদের মধ্যে এয়ারফ্লো বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সার ব্যবস্থাপনা সঠিক রাখতে ডিলারদের সময়মতো সার উত্তোলন করতে হবে। কৃষকদের মধ্যে যথাযথভাবে সার বিতরণ এবং সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে। এসব বিষয় নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘দেশটা সবার। খারাপ কোনো চিন্তা না করে দেশ পরিচালনায় সহযোগিতা করুন। ৫ বছর পর জনগণ যদি আপনাদের ভোট দেয়, তখন দেশ পরিচালনা করবেন। তবে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পরে দুপুর দেড়টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার পাট ও পেঁয়াজচাষিদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কৃষি নারী উদ্যোক্তা শাহিদা বেগম ও কৃষক মো. মুক্তার মোল্যাসহ সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর