Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৩

ঢাকা: ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

বৈঠক শেষে হাসান শিপলু বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির বর্তমান অবস্থা এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে এ কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল যাতে তৈরি না হয়, সে বিষয়ে জনগণকে আরও সচেতন করার নির্দেশ দিয়েছেন।

পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত মজুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে। আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেই এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মাঠে এর প্রতিফলন থাকা চাই।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর