কুষ্টিয়া: জেলার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামে এক সাবেক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায়ের জন্য সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। খয়েরপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’