চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিম চৌধুরী (১৮) দুর্ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুকিম চৌধুরী বাড়ির মাহবুবুল আলমের পুত্র।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে হাটহাজারী সরকারি কলেজে পরীক্ষায় অংশ নিতে আসার পথে ওই স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্টো গ ১৩-২৬২৫) সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশা ও কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অটোরিকশাচালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।
দুর্ঘটনাস্থলেই অটোরিকশাচালক এরশাদ উল্লাহ (৪০) নিহত হন। এ সময় মাহিম চৌধুরী ও তার সহপাঠীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
মাহিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুইদিন পূর্বে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মাহিনের মৃত্যু হয়।