ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে মাতুয়াইল ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষনা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে তাদের কাছে খবর আসে, যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন থেকে সাইনবোর্ডের দিকে কিছু দূর যেতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরপর সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই আরও জানান, তবে কোন যানবাহনে সাথে এই দুর্ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। সিআইডির ফরেনসিক ইউনিটের সহযোগিতায় ওই ব্যক্তির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাকে দেখে কোন কারখানার শ্রমিক বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।