সিলেট: এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমি রোগীদের সাথে আলাপ করেছি, হাসপাতালে ডাক্তার-নার্সদের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ পাইনি।
মন্ত্রী বলেন, ‘রোগীদের সাথে আলাপকালে তারা জানিয়েছেন— স্যার আপনি আসার পর থেকে ডাক্তার ও নার্স অনেক ভালো ব্যবহার করছে; খাবার দাবার আগের চেয়ে অনেক ভালো।’
হাসপাতালের পরিচ্ছন্নতা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “হাসপাতালে কোন ছাঁরপোকা নেই, একটা ছাঁরপোকা ওয়ার্ডে পেয়েছি— আমি বলেছি পরিষ্কার করে নিতে। হাসপাতাল নিয়ে ‘আই এম রিয়েলি হ্যাপি।”
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে। রোগীরাও চিকিৎসাসেবা ও পরিবেশের উন্নতির কথা জানিয়েছেন। খাবারের মানও ভালো হয়েছে।
ওসমানী হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটের স্বাস্থ্য অবকাঠামো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই এসব হাসপাতাল চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।