Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, স্বর্ণালংকার-টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৮:৫৯

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ঢুকে শাহিদা বেগম (৬৮) নামের এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বাসা থেকে স্বর্নালংকার ও টাকা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীতলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী। তিনি ওই ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত শাহিদা বেগম ছেলের বউ শারমিন আক্তারকে নিয়ে ওই বাসায় থাকতেন। ছেলে বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করতেন। শনিবার রাত শারমিন কাজ থেকে বাসায় ফিরে দেখতে পায় বাসার সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে এবং তার শাশুড়ির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এরপর থানায় বিষয়টি জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, নিহত শাহিদার গলার বামপাশে একটি ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে মূল্যবান জিনিস, টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে। ওই নারী দেখে ফেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলার বাম পাশে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে। তার গলার চেইন, কানের দুল ও ৫হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এসআই জানান, এছাড়া অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর