ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩টি মামলাও দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।‘
নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ১৯ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ২৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৬ জন, উত্তরা বিভাগ ৩২ জন, সিটিটিসি কর্তৃক ২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৪ জনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৩৫৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশি মদ, ৬৩টি মোবাইল ফোন, ১টি পাসপোর্ট, ৪টি চাকু, ৮০টি সিমকার্ড, ৫টি মোবাইল চার্জার, ২টি মাল্টিপ্লাস ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।