ঢাকা: রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ১০৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি কার্টার, ১টি চাকু, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।