ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, কলাবাগান, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান তীব্র গ্যাস সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানাান।
তিনি বলেন, ‘কোথাও গ্যাস সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্নাবান্নাও সম্ভব হচ্ছে না। এতে হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য খাবার প্রস্তুত এবং বিশুদ্ধ পানি ফুটিয়ে পান করার মতো নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। এটি শুধু সেবাগত সমস্যাই নয়, বরং জনস্বাস্থ্য ও নাগরিক জীবনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।’
মামুনুল হক বলেন, ‘মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস, সরবরাহ ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিকল্প ব্যবস্থার অভাব বর্তমান সংকটকে আরও জটিল করে তুলেছে।’
তিনি অভিযোগ করেন, ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। বরং অনেক এলাকায় সংকট আরও তীব্র হয়েছে, যা সরকারি আশ্বাস বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গ্যাস সংকটের প্রকৃত কারণ, বর্তমান পরিস্থিতি এবং সমাধানের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত, স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে অবহিত করতে হবে।’
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন সংকট এড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বানও জানান তিনি।