রাজধানীর শনির আখড়ায় কাভার্ডভ্যানের চাপায় সোলাইমান মিয়া (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোলাইমান মিয়া মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ দেওয়ানের ছেলে। তিনি পেশায় আলমারির মিস্ত্রি ছিলেন।
মৃতের শ্যালক মো. লিটন ব্যাপারী জানান, সোলাইমানের পাশের বাড়ির এক ভাড়াটিয়া শনিবার রাতে স্ট্রোক করেন। তখন সোলাইমানসহ ওই ব্যক্তির পরিবার সন্ধ্যায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসে। রোগীকে ভর্তি করার পর রাতে বাসে করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন সোলাইমান। এসময় ফোনে জানতে পারেন ওই রোগীটি মারা গেছেন। এই খবর পেয়ে বাস থেকে নেমে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে আবার মিটফোর্ড হাসপাতালে ফিরছিলেন তিনি। তখনই কাভার্ডভ্যানের ধাক্কায় সোলাইমান মিয়া নিহত হন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরণ ভুইয়া জানান, মধ্যরাতে রাইড শেয়ারিং এর মোটরসাইকেলে করে সোলাইমান ঢাকার দিকে ঢুকছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সোলাইমান মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।