ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩০ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৪০ জনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১ সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাধঁ-ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, ১টি মাইক্রোবাস, ৯টি মোবাইলফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল সবুজ চেকের পুরাতন ও ছেড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া দুইজন ভিক্টিমকেও উদ্ধার করা হয়।