ঢাকা: রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পরিবেশ দূষণ রোধ ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।’
নিয়াজ মেহেদী জানান, ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের করা মামলার মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক লালবাগ বিভাগে চারটি, ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।
পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।