ঢামেক: রাজধানীর কদমতলি এলাকায় একটি ভবনে চুরি করতে গিয়ে নিচে পড়ে সেলিম (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর মুরাদপুরের জিন্না মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে কদমতলি থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কদমতলি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘মৃত সেলিম চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল। পরিবারের সঙ্গে কদমতলির উত্তর মুরাদপুর এলাকাতেই থাকত সে। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলি গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল হালিম।’
এসআই আরও বলেন, ‘শনিবার ভোরে উত্তর মুরাদপুর এলাকার সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে ওঠার সময় ছিটকে নিচে পরে মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’