ঢাকা: ছুটির দিন হওয়া সত্ত্বেও রাজধানীর বায়ুদূষণ থেকে মুক্তি পাচ্ছে না ঢাকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১৩২। সংবেদনশীল গোষ্ঠীর জন্য এই মানকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়।
ছুটির সকালে অন্যান্যদিনের তুলনায় যানবাহনের চাপ কম থাকলেও বায়ুর মানে কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। একই দিনে বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। কুচিং শহরের বায়ুমান স্কোর ৩১৬ থেকে ৩২৮ এর মধ্যে অবস্থান করায় সেখানকার বাতাসের অবস্থাকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
আইকিউএয়ারের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, বৈশ্বিক তালিকায় কুচিং শহরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চিংডু, যার বায়ুমান স্কোর ১৬৪। এছাড়া তালিকার ওপরের সারিতে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, উগান্ডার কাম্পালা এবং পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো।
বায়ুদূষণের এই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সূচকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়।