চট্টগ্রাম: জেলার রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু নিশিত দেব অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে একটি গাছের নিচে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে গাছের একটি ভারী ডাল ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।