চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, খন্দকারপাড়ার কালু মুন্সীর বাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।