Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৫:৩৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুনসুর আলম মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কর্মরত ছিলেন।

নিহতের ভাতিজা সাকিব হোসাইন বলেন, ‘শুক্রবার সকালে বাজার করার জন্য মিঠাছরা বাজারে যান মুনসুর আলম। বাজার করে ফেরার পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

এদিকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মো. সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মো. সোলায়মান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শরীফুজামান ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর