চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে এবং বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সুপারিশকৃত সিট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চবি শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে জিরো পয়েন্ট, কাটাপাহাড় সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘বটবাহিনীর গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘নামের শেষে ইসলামি, করে শুধু ভণ্ডামি’, ‘জাশির আস্তানা, জ্বালিয়ে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গুপ্তভাবে থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে ছাত্রদল তা প্রতিহত করবে। চাকসু নামধারী শিবিরের এজেন্ডাদের বলব, আপনাদের যে বাজেট দেওয়া হয়েছে, তার খরচের ভাউচার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব নিয়োগ দেওয়া হয়েছে, এসব নিয়োগের বিষয়ে নতুন করে তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দক্ষদের চাকরি স্থায়ী এবং অদক্ষদের চাকরিচ্যুত করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা এই ক্যাম্পাসে তাদের জমিদারি ঘোষণা করেছিল। সূক্ষ্ম কৌশলে ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। এই ক্ষেত্রে মদদ দিয়েছেন জামায়াতের হল প্রভোস্টরা।’