ঢাকা: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও ছাত্র গণজমায়েত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার ৫ আগস্ট সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে তা রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয় এবং টিএসসি এলাকায় অবস্থান নেয়।

ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল ৭টা থেকেই ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহিদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের কিছুটা পরে মূল কর্মসূচি শুরু হয়। সেখান থেকে নেতাকর্মীরা টিএসসি এলাকায় গিয়ে অবস্থান নেন এবং সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদেই মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আজকের গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন।