Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে এবার ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২৩:১৩ | আপডেট: ১ জুন ২০২৬ ১০:০৫

চট্টগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জামাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া এলাকায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) কোমল পানীয় খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তকে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার (৩০ মে) দুপুরে বাকলিয়া থানাধীন চাকতাই ভেড়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে রোববার (৩১ মে) বিকেলে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতার মো. জামাল (৩৫) ভোলা জেলার শশিভূষণ থানার চরফকিরহাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে বাকলিয়ার চাকতাই ভেড়া মার্কেট এলাকার নাসির কলোনিতে বসবাস করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে, জনতাকে আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে থানায় আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর