ঢাকা: প্রতিবন্ধীদের জন্য সরকারি সেবা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে কৌশল নির্ধারণে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর জেপিইউএফ ভবনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (জেপিইউএফ) ও সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিতের পাশাপাশি দেশের দুর্গম ও প্রান্তিক অঞ্চল পর্যন্ত সরকারি সেবার পরিধি সম্প্রসারণের তাগিদ দেন তিনি। এ জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩-এর কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান জেপিইউএফের ব্যবস্থাপনা পরিচালক।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপের সুশাসন বিভাগের (ইনক্লুসিভ সিটিজেনশিপ) প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান। প্রযুক্তিগত উপস্থাপন ও যৌথ পরিকল্পনার মাধ্যমে প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক সরকারি সেবা আরও কার্যকরভাবে বাস্তবায়নে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালায় মূল প্রবন্ধে সিবিআর (কমিউনিটি-ভিত্তিক পুনর্বাসন) পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা এবং দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার উপায় তুলে ধরা হয়। পাশাপাশি জেপিইউএফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং ফ্রেন্ডশিপের ভূমিকা ও দায়িত্বও উপস্থাপন করা হয়।
আলোচকেরা বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিউনিটি-ভিত্তিক পুনর্বাসন (সিবিআর) পদ্ধতি অনুসরণ, জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত পাঁচ স্তরের সমন্বয় কমিটি সক্রিয়করণ এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। এ ছাড়া প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারণে ফ্রেন্ডশিপের কারিগরি সহায়তার ক্ষেত্র নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তারা।
কর্মশালায় আরও অংশ নেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সোনামনি চাকমা, উপপরিচালক শরিফুল ইসলাম, সেলিম হোসেন ও রাজিব হাসান; ফ্রেন্ডশিপের সুশাসন বিভাগের জেনারেল ম্যানেজার একরামুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার নুসরাত জেরিন, টিম লিডার রুম্মানুল ফেরদৌস ও প্রোগ্রাম ম্যানেজার আমিনুল ইসলামসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
উল্লেখ্য, জনকল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি থাকলেও অনেক ক্ষেত্রে এসব সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সহায়ক নয়। এ অবস্থায় সরকারি সেবাগুলো প্রতিবন্ধীবান্ধব করতে কর্মশালায় বিভিন্ন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়।