ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির পুরাতন গেটের সামনে আর্থিক লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ জুলাই বিকেল ৩টার দিকে এফডিসির পুরাতন গেটের পাশে আর্থিক লেনদেনের দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে সেলিমকে আম কাটার ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্ত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম ২০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ বলেন, মামলার পর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেফতার করা হয়। এ সময় মিজানের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও অন্যান্য বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এজাহারভুক্ত আরেক আসামি রতনের নির্দেশে তারা সেলিমের ওপর হামলা চালিয়েছিল বলে দাবি করেছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতার মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং ভেজাল ওষুধ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া ভেজাল ওষুধ মামলায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। আর প্রধান আসামি মকবুল ওরফে মুকুলের বিরুদ্ধে মাদক মামলা, দস্যুতার চেষ্টা এবং বিভিন্ন অপরাধে সহায়তার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।