ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মিছিল থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, স্লোগানসংবলিত ব্যানার এবং একাধিক স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৬টায় মিরপুর-১২ মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে মিছিলের সময় আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।’
নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতরা সংঘটিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে নিষিদ্ধ মিছিল বের করেছিল। টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ১৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।’
তিনি জানান, গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।