ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিসহ ১৫ জনকে আটক করেছে র্যাব। এ সময় একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, তিনটি সামুরাই, একটি চাপাতি, এক কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৮২০ গ্রাম গান পাউডার, এক হাজার ৫০ পিস ইয়াবা এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার (৩১ আগস্ট) র্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, কিশোর গ্যাংয়ের নেতা ও ছিনতাইকারীরা অবস্থান করছে। এর ভিত্তিতে রাতভর একাধিক অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে মোহাম্মদপুরের বটতলা এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি মো. জাহিদ কাদেরী ওরফে মোল্লা জাহিদকে ৯০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। লাউতলা এলাকা থেকে ইব্রাহিম সরকার ওরফে রাব্বিকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। একই এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. রিয়াদ হোসেন ওরফে রজব আলীকে একটি চাপাতি এবং মো. রমজানকে একটি সামুরাইসহ আটক করা হয়।’
মেজর এম মুবীন রহমান তাপস বলেন, ‘কিশালয় স্কুল এলাকা থেকে ছিনতাইকারী মো. ইয়াসিন কবির ওরফে অয়নকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. নাজমুলকে একটি সামুরাইসহ এবং লিমিটেড এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. জুনায়েদকে, শিয়া মসজিদ এলাকা থেকে একাধিক মামলার আসামি মো. বাবু এবং মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে ছিনতাই মামলার আসামি মো. মাহবুবকে আটক করা হয়। এ সময় সাত মসজিদ হাউজিংয়ের জনতাবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।’
তিনি জানান, শেরে বাংলা নগর থানার তালতলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পাঁচ মাদক মামলার আসামি মো. মনির বেপারীকে আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইন ও ৮২০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। আর মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধের শুটকির আড়ৎ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. শামীমকে একটি সামুরাইসহ আটক করা হয়। এছাড়া, যাত্রাবাড়ী থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. জাকির হোসেন, মো. দ. রফিকুল ইসলাম সুমন, সোলায়মান হোসেন রাজু ওরফে রাজিব এবং মো. শফিকুর রহমানকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
র্যাব-২ জানায়, আটক ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক, দস্যুতা, অস্ত্র, চুরি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও দাঙ্গাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। মোল্লা জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। ইব্রাহিম ওরফে রাব্বির বিরুদ্ধে দস্যুতার একটি মামলা, মনির বেপারীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা ও দুটি ওয়ারেন্ট এবং রমজানের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
এ ছাড়া রিয়াদের বিরুদ্ধে দুটি মাদক মামলা, মাহবুবের বিরুদ্ধে দুটি মাদক মামলা, সোলায়মান হোসেন রাজুর বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, দাঙ্গা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।