ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আরও ৫৩৪ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন। তার মধ্যে বরিশাল বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুরে ২৬ জন এবং সিলেটে ৫ জন রোগী রয়েছেন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৮৮ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৪৫২ জন।