ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫২ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১২৫২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১০৯ জন, রংপুর বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯৫৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৪৬৭ জন।