Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৬

একজন দোকান কর্মচারী তুষার পরিষ্কার করছেন। ছবি: এএফপি

জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯১ বছর বয়সী একজন বৃদ্ধাও রয়েছেন, তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষার স্তূপের নিচে পাওয়া গেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে।

তুষারপাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরি। সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে আছে। আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা সোমবার (২ জানুয়ারি) বলেছেন, তিনি সেনাবাহিনীকে দুর্যোগ ত্রাণ দেওয়ার জন্য বলেছেন, বিশেষ করে বয়স্কদের জন্য, যাদের অনেকেই একা থাকেন এবং তুষার পরিষ্কারে তাদের সাহায্যের প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি জানান, উদ্ধারকর্মীরা রাস্তা এবং বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন। ছাদ থেকে তুষার পড়া বা ভবন ধসে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও কাটেনি।

এনএইচকে জানিয়েছে, জনগণকে তুষারধস ও ছাদে জমে থাকা তুষার এবং বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে সতর্ক করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

এক তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোয় জাপান সাগরের উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গেছেন। আওমোরির একটি এলাকায় নিজবাড়ির সামনে তিন মিটার তুষার স্তূপের নিচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী একজন বৃদ্ধা। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তার ওপর পড়লে শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। তার মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

এনএইচকের অনুসারে, মঙ্গলবার পর্যন্ত, উত্তরাঞ্চলীয় শহর আওমোরিতে ১৭৫ সেমি (প্রায় ৬৯ ইঞ্চি) তুষার জমেছিল, যা বছরের এই সময়ের গড় তুষারপাতের দ্বিগুণেরও বেশি,। সোমবার, শহরের কিছু এলাকায় ১৮৩ সেমি (৭২ ইঞ্চি) তুষার জমা হয়েছে, যা বিগত ৪০ বছরের তুষারপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে, ১৯৮৬ সালে ১৮১ সেমি (৭১ ইঞ্চি) তুষারপাত হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর