Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদি হত্যা মামলা / ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার ২ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৫২

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকা দিয়ে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই যুবককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) মামলার শুনানি শেষে বিচারক রিপন হোসেন আবেদন মঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন— সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিম (২২)। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার হতে সরাসরি সহায়তা করেছিলেন এই দুই আসামি।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।

এরপর গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়।

সারাবাংলা/টিএম/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর