Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুলের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেট
২২ জুন ২০২৬ ১১:১৪ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৩:৪৭

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়ার হাইকোর্টে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (২১ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

সোমবার (২২ জুন) বিষয়টি জানা যায়। এর আগে গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে রুল জারি করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বিজ্ঞাপন

পরে ৫ জুন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া, যিনি শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত। জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান। পরবর্তীতে ২৪ মে তাদের আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর