Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম যোগ্যতা স্নাতক চেয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৪:১৩

বাংলাদেশ হাইকোর্ট

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

রুলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীদের জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান এ রিট আবেদন করেন।

শুনানি শেষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান সাংবাদিকদের বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব রয়েছে। গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে তারা ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষমতা প্রয়োগ করেন। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে আইনে কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই।‘

তিনি আরও বলেন, ‘এ বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে এবং চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর