Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে লাউডস্পিকার ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেট
২৬ জুলাই ২০২৬ ২১:৪৩

ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, বিভিন্ন দিবস উদযাপনসহ নানা অনুষ্ঠানে গভীর রাতে লাউডস্পিকার ও আতশবাজির অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।

বিজ্ঞাপন

এর আগে, জনস্বার্থে সুপ্রিম কোর্টের ৮ জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটকারীরা হলেন- মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।

রিটে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবস উদযাপনের সময় গভীর রাতে লাউডস্পিকার ও আতশবাজির অবাধ ব্যবহার তীব্র শব্দদূষণ, জনদুর্ভোগ, সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং জুয়ার মতো অপরাধকে উৎসাহিত করছে। এসব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা আইনসম্মত কি না, তা নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর