Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: সাবেক এমপি মনুসহ ৪ আসামিকে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৫:৩৭

ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ ৪ আসামিকে আগামী ৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অন্য ৩ আসামি হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্না।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি জানান, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। তদন্তে ৪ আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় এবং তারা অন্য মামলায় কারাগারে থাকায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ৪ আসামিকে আগামী ৩ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।

এদিকে, আসামি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম ভূঁইয়া হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার বিচারও বর্তমানে ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

উল্লেখ্য, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ২০২৫ সালের ২১ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর