ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে একটি প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। প্রতিবেদনটি যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, যা সোমবার ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলাটি বিচার কার্যক্রমের পরবর্তী ধাপে প্রবেশ করবে।’
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে মামলায় গ্রেফতার রয়েছেন ৯ জন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।