ঢাকা: রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি বাসায় দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া তার স্বামী সোহেল রানার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত দুইদিনের রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ১ আগস্ট সোহেল রানাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন শেখ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ জুলাই দক্ষিণখানের বাসা থেকে সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। তবে ঘটনাস্থল পরিদর্শনের সময় সিআইডি জানালার ভেতরের বারান্দায় একটি জুতার ছাপ উদ্ধার করে। পরে বাসা থেকে পাওয়া একজোড়া জুতার সঙ্গে ওই ছাপের মিল পাওয়া যায়, যা সোহেল রানার বলে শনাক্ত করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সকালে সোহেল রানা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে কর্মস্থলে যান। বিকেলে ছেলে ওয়ামী বাসায় ফিরে মাকে খাটের ওপর অচেতন অবস্থায় দেখতে পায়। তার মুখের ওপর বালিশ ছিল। ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে বালিশ সরিয়ে মায়ের হাত-পা ঠান্ডা ও শ্বাস-প্রশ্বাস বন্ধ দেখতে পেয়ে সে স্কুলে ফিরে যায় এবং স্কুলের প্রিন্সিপালের ফোন থেকে তার বাবাকে বিষয়টি জানায়।
পরে তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ঘটনার পরদিন নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন।