কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারেরপাড় এলাকার ইসহাক আলীর ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. আনিসুর রহমান বলেন, ‘সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।’
এ সময় আশপাশের লোকজন মাহাবুরকে আটক করে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহাবুরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।