Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু নির্বাচনে বিজয়ী শিবির নেতাদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির নেতাদের অভিনন্দন জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল লেখেন, স্বতন্ত্র প্রার্থীরা যারা জিতেছেন তাদেরও অভিনন্দন। একইসঙ্গে ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীকেও ধন্যবাদ জানাই। এই নির্বাচনের মাধ্যমে ‘ট্যাগ দেয়ার রাজনীতি’র পরাজয় হয়েছে।

তিনি বলেন, ‘হাসিনার আমলে শিবির ট্যাগ দিয়ে অগণিত ছাত্র ও সাধারণ শিক্ষার্থীর ওপর অমানবিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়াটা ছিল নিত্যদিনের ঘটনা। আমি সবসময় এর প্রতিবাদ করেছি, হুমকি-আক্রমণ সহ্য করেও থামিনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই বিষয় নিয়ে তিনি ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাস লিখেছিলেন। বইমেলায় এক মাসেই উপন্যাসটির ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন তিনি কারণ বুঝতে পারেননি, এখন বুঝতে পারছেন।

শিবির নেতাদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, ‘গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দুরবস্থার কথাও স্মরণ করেন তিনি। বলেন, ‘সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে গেলে বারান্দায় চৌকি, মশারি, ভাঙা টেবিল-চেয়ার দেখে মনে হতো বস্তি; ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা। কক্ষগুলোর ভেতর উঁকি দেওয়ার মতো অবস্থাও ছিল না। আশা করি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত আবাসিক শিক্ষার্থীদের গুরুতর সমস্যাগুলো আপনারা সমাধান করবেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর