Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১১:২৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮

ঢাকা: আজ থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আর পরীক্ষা শুরুর প্রথম দিনেই দেখা মিলেছে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। রাজধানীতে তীব্র যানজটে আটকে পড়া এক পরীক্ষার্থীকে সময়মতো কেন্দ্রে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন এক পুলিশ সদস্য।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারছিলেন না ওই পরীক্ষার্থী। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য নিজের মোটরসাইকেলে করে তাকে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেন। যদিও ওই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ সদস্য অত্যন্ত তৎপরতার সঙ্গে শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সাইবার নজরদারির মাধ্যমে যেকোনো ধরনের অনিয়ম শনাক্ত করা হবে এবং সংশ্লিষ্টদের তালিকা তৈরি করে মনিটরিং করা হচ্ছে। এ লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিত নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ডিজিটাল অপরাধের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রেও কোনো অতিরিক্ত বা ‘মানবিক নম্বর’ দেওয়ার নির্দেশনা নেই বলে তিনি স্পষ্ট করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর